নিজস্ব প্রতিবেদক: নেছারাবাদ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচি আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহামুদ। আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মাস্টার জহিরুল হক, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মানিক।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম উদ্দিন, নেছারাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার ঠিক প্রাক্কালে পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। গোটা পৃথিবী প্রত্যক্ষ করেছে স্বাধীনতার দ্বারপ্রান্তে দাঁড়ানো বাংলাদেশে চালানো সেই নৃশংস ও নারকীয় হত্যাকাণ্ড। উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন রাষ্ট্রকে মেধাশূন্য করে ফেলা।
তারা আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে যুদ্ধ পরবর্তী রাষ্ট্রগঠন ও দেশ পুনর্গঠনে তাদের অবদান বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বহুদূর এগিয়ে নিতে পারত। নতুন প্রজন্মের কাছে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা এবং তাদের আদর্শ ধারণ করাই এ দিবসের মূল শিক্ষা।
