নেছারাবাদে একটি চায়ের দোকানে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে দোকান মালিকের উপস্থিতি ও দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে দোকানটি।
রোববার (১ মার্চ) ভোরে স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শামসু ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক শামসুল হক।
দোকান মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে দুর্বৃত্তরা দোকানের দক্ষিণ পাশে রাখা একটি কেরাম বোর্ডের ওপর প্লাস্টিক ও শুকনো কাপড় জড়ো করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শামসুল হক দ্রুত ঘটনাস্থলে এসে নিজেই আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন দোকানের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
দোকান মালিক শামসুল হক বলেন, “দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আমার দোকানে আগুন দেওয়ার চেষ্টা করেছে। কেরাম বোর্ডের ওপর প্লাস্টিক ও শুকনো কাপড় রেখে আগুন ধরানো হয়। যদি আগুন ছড়িয়ে পড়ত, তাহলে পুরো দোকান, ফ্রিজ ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যেত। আল্লাহর রহমতে বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।”
তিনি আরও জানান, ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী নিরাপত্তা জোরদার ও ঘটনার রহস্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
