নেছারাবাদে বাল্যবিয়েতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এক অটোচালককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ৬নং নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত গৃহবধূ তানজিলা ও তার স্বামী সোলেমানের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার মিথ্যা অভিযোগ এনে মামলা করার অভিযোগ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার সকালে সরেজমিনে গেলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, অটোচালক খোকন খাঁন বিরুদ্ধে কতিপয় ব্যক্তির পরামর্শে তানজিলা ও সোলেমানকে ভুল বুঝিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বাদী পক্ষের স্থানীয় নারী সাক্ষী, মায়া রানী ও সোনিয়া বলেন, ঘটনার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন না। পরে তানজিলা ও তার শাশুড়ির কাছ থেকে শুনে সাক্ষী হয়েছেন।
স্থানীয় পলাশ শেখ জানান, ঘটনার তিন দিন পর খোকন খাঁন প্রতিপক্ষরা তানজিলা ও সোলেমানকে প্রভাবিত করে থানায় সাধারণ ডায়েরি করান। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়েছিল বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “খোকনকে থানায় নেওয়ার পর ওসি সাহেবের সামনে তানজিলা বলেছিল, খোকন শুধু হাত টেনেছিল, এর বাইরে কিছু হয়নি।”
খোকনের স্ত্রী দাবি করেন, ঘটনার সময় তিনি স্বামীর সঙ্গেই ছিলেন এবং তাদের ছোট সন্তানও তার কোলে ছিলো। তার ভাষ্য, “এমন কোনো ঘটনা ঘটেনি যার কারণে আমার স্বামীকে জেলে যেতে হবে। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আমি ন্যায়বিচার চাই।”
স্থানীয় সোহেল সিকদার জানান, দীর্ঘদিন ধরে খোকনের সঙ্গে চলাফেরা করেও তার বিরুদ্ধে কখনও খারাপ কিছু দেখেননি। তিনি বলেন, “অটো চালিয়ে জীবিকা নির্বাহ করা খোকনকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।”
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, ভুক্তভোগীর জবানবন্দির ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তবে ন্যায়বিচারের স্বার্থে বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হবে।
