স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে যাত্রী ডাকাকে কেন্দ্র করে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ

আজিজুল ইসলাম, চিফ রিপোর্টার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে যাত্রী ডাকাকে কেন্দ্র করে যমুনা পরিবহনের এক কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় শ্রমিকদল নেতা শামিম, সুমন, রাজু ও রাসেলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী মো. আব্দুস সালাম এ ঘটনায় নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন।

লিখিত অভিযোগে আব্দুস সালাম জানান, তিনি স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে যমুনা পরিবহনের কাউন্টারে কর্মরত রয়েছেন। গত ১৯ মে সকাল আনুমানিক ৮টার দিকে যাত্রী ডাকাকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড় মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং বাসস্ট্যান্ড থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে অভিযুক্তরা তাকে পরে দেখে নেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় তিনি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত শামিম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি তাকে মারিনি। যাত্রী ডাকা নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়েছে। সঠিক তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে।”

অপর অভিযুক্ত রাসেল মারধরের ঘটনা স্বীকার করলেও ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি।
যমুনা পরিবহনের পরিচালক নান্টু বলেন, “আমার কলম্যান আব্দুস সালামকে আমার সামনে মারধর করা হয়েছে। আমাকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।”

অন্যদিকে হানিফ পরিবহনের পরিচালক জাহিদ হাওলাদার বলেন, “যাত্রী ডাকা নিয়ে কথা-কাটাকাটি হয়েছে, তবে মারামারি হয়েছে কিনা আমি দেখিনি।”

নেছারাবাদ থানা শ্রমিক দলের সভাপতি মোঃ সেলিম মিয়া জানান,আমি ঘটনাটি শুনেছি। যার ব্যবসা সে করবে এটা নিয়ে তো নিজেদের মধ্যে মারামারি হওয়ার কথা না। তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবো। তবে কেউ যদি অন্যায় করে তার দায় ভার দল নিবেনা।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যাত্রী ডাকাডাকি নিয়ে মারামারির একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *