নেছারাবাদে ডোবায় পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নেছারাবাদে ডোবায় পরে সার্থক সুতার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সার্থক সুতার উপজেলার ৬নং দৈহারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সৌরভ সুতারের ছেলে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দৈহারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরে বসে গল্প করছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘন্টা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে একপর্যায়ে তার ঘরের পাশে ডোবায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে ডোবা থেকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তাওহীদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *