নেছারাবাদে জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলা, আহত-২

পিরোজপুরের নেছারাবাদে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সেহাংগল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোঃ জাহিদুর রহমান (৪৫) ও তার মা জাহানারা বেগম (৬৩)। আহত জাহিদুর রহমান বর্তমানে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহতের ভাই মো. রাশেদুল হাসান বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মিলন তালুকদার ও তার পরিবারের সঙ্গে বাদীর জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল এবং বিষয়টি আদালতেও বিচারাধীন রয়েছে। ঘটনার দিন সকালে স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে শালিসে সমাধান না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগে বলা হয়, এ সময় মিলন তালুকদারসহ অভিযুক্তরা লাঠিসোটা ও লোহার রড নিয়ে সংঘবদ্ধভাবে বাদীর বসতবাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে জাহিদুর রহমানকে গালিগালাজ করে এবং একপর্যায়ে তাকে লক্ষ্য করে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্যান্য অভিযুক্তরা তাকে মারধর করে। এসময় আহতের মা জাহানারা বেগম ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়, এতে তিনিও আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে এবং যাওয়ার সময় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানায়, এ বিষয়ে পাঁচজনকে আসামি করে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *