নেছারাবাদে প্রবাসীর জমি দখলের অভিযোগ স্বপন খানের বিরুদ্ধে

আজিজুল ইসলাম, চিফ রিপোর্টার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সেহাংগল গ্রামে প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় গোলাম মোস্তফা ওরফে স্বপন খানের বিরুদ্ধে।

এ ঘটনায় প্রাণনাশের আশঙ্কা, সম্পত্তি দখল ও সম্ভাব্য ডাকাতির অভিযোগ এনে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসী লিটন খানের চাচাতো ভাই মো. ইমরান খান।

শুক্রবার (৫ জুন) বিকেলে সরেজমিনে দেখা যায়, লিটন খানদের দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে বেড়া দেওয়া হয়েছে এবং সেখানে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগে ইমরান খান উল্লেখ করেন, প্রতিবেশী স্বপন খান, হানিফ খানসহ অজ্ঞাত আরও কয়েকজনের সঙ্গে তাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রায় এক বছর আগে তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার ঘটনাও উল্লেখ করেন তিনি, যদিও এ ঘটনায় কাউকে সরাসরি অভিযুক্ত করেননি।

তিনি আরও অভিযোগ করেন, তার অনুপস্থিতির সুযোগে অভিযুক্তরা তাদের রেকর্ডভুক্ত জমিতে বেড়া নির্মাণ করে এবং চাম্বল, আমড়া ও কলাগাছ রোপণ করে দখলের চেষ্টা চালায়। এছাড়া সম্প্রতি কয়েকজন অপরিচিত ব্যক্তিকে সঙ্গে নিয়ে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে নিজেদের মেহমান পরিচয় দেন, যা তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
ইমরান খান বলেন, “আমাদের পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সাম্প্রতিক ঘটনাগুলোর পর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে থানায় অভিযোগ করেছি।”

অভিযোগের বিষয়ে গোলাম মোস্তফা স্বপন খান বলেন, “আমাদের পরিবার প্রায় ২৫০ বছর ধরে ওই জমি ভোগদখল করে আসছে। গরু-ছাগলের ক্ষতি ঠেকাতে আমি বেড়া দিয়েছি। জমিটি আমাদের দখলেই ছিল।”

তিনি আরও জানান, ইমরান খানের বাড়িতে যেসব অপরিচিত লোকজন গিয়েছিল তারা তাদের বংশীয় আত্মীয়, যারা বহু বছর আগে মোড়েলগঞ্জে বসবাস শুরু করেন এবং পূর্বপুরুষের জমি দেখতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *