নেছারাবাদে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা

পিরোজপুরের নেছারাবাদে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও ট্রাফিক সচেতনতা বিষয়ক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নেছারাবাদ থানা পুলিশের আয়োজনে পুরাতন থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করলেও অনেক সময় কিছু রাজনৈতিক নেতার পক্ষ থেকে মাদক কারবারি ও সেবনকারীদের পক্ষে সুপারিশ আসে। এ ধরনের সুপারিশ বন্ধ না হলে মাদক নির্মূলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন কঠিন হবে। তাই সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশকে সর্বস্তরের মানুষের সহযোগিতা করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়। সমাজের ইমাম, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং প্রতিটি পরিবারকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতামূলক ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নেছারাবাদ-কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায়।

নেছারাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা শাখার আমির মো. আবুল কালাম, স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মিজানসহ অন্যান্যরা।

সভায় জানানো হয়, গত এক মাসে নেছারাবাদ উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে শীর্ষ নারী মাদক কারবারি রাবেয়া আক্তার সাথী, শিল্পী আক্তার, মিজানুর রহমানসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া নিয়মিত অভিযানে মাদকসেবীদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডও দেওয়া হচ্ছে।

সভা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *