ঘাট দখলে ব্যাহত জরুরি চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক: নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নদীপথে রোগী আনা–নেওয়ার একমাত্র কার্যকর ঘাটটি বর্তমানে পাবলিক টয়লেট নির্মাণের কারণে দখল হয়ে রয়েছে। ফলে দূর-দূরান্তের নদীতীরবর্তী এলাকা থেকে নৌকাযোগে আগত রোগী, গর্ভবতী নারী ও জরুরি চিকিৎসাপ্রয়োজনীয় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ওই স্থানে আগে একটি ব্যবহারযোগ্য ঘাট ছিল, যেখান দিয়ে নিয়মিতভাবে রোগীদের নিরাপদে ওঠা-নামা করানো হতো। কিন্তু পাবলিক টয়লেট নির্মাণের সময় সেই ঘাটটি কার্যত বন্ধ হয়ে যায়। সে সময় বাজার কর্তৃপক্ষ রোগীদের সুবিধার্থে পাশ্ববর্তী স্থানে বিকল্প একটি ঘাট নির্মাণের আশ্বাস দিলেও আজ পর্যন্ত তার কোনো বাস্তবায়ন হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষা করে চলে গেছে। এ বিষয়ে বাজার কমিটির একাধিক সদস্যের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে জানান স্থানীয়রা।

ফলে বর্তমানে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নৌকা থেকে রোগীদের নামাতে হচ্ছে কিংবা অনেক দূর দিয়ে ঘুরিয়ে হাসপাতালে নিতে বাধ্য হচ্ছেন স্বজনরা। বিশেষ করে গর্ভবতী নারী, বয়স্ক রোগী ও জরুরি অবস্থায় থাকা রোগীদের ক্ষেত্রে এ পরিস্থিতি অনেক সময় প্রাণঘাতী ঝুঁকি তৈরি করছে।

স্থানীয় সচেতন মহলের মতে, একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ স্থানে রোগী ওঠা-নামার নিরাপদ ঘাট না থাকা চরম অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয়। এটি শুধু অবকাঠামোগত সংকট নয় বরং সরাসরি জনস্বাস্থ্য ও মানবিক নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয়।

তারা অবিলম্বে বাজার কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। দ্রুত নতুন একটি ঘাটলা নির্মাণ অথবা পুরোনো ঘাটলার কার্যকর বিকল্প ব্যবস্থা গ্রহণ এখন সময়ের জোরালো দাবি বলে মনে করছেন এলাকাবাসী।

জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও দায়িত্বশীল হস্তক্ষেপ না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *