নেছারাবাদে গর্ভবতী গরু চুরি, অচেতন অবস্থায় উদ্ধার ৫ কুকুর

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার দৈহারী ইউনিয়নের থালিয়া গ্রামে হরিদাস হালদারের বাড়ি থেকে একটি গর্ভবতী গরু চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, গরুটির গলায় তালা লাগানো ছিল এবং সেটি গর্ভবতী ছিল। আরও এক থেকে দেড় মাসের মধ্যে গরুটি বাচ্চা প্রসব করার কথা ছিল। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে গরুর মালিক গোয়ালঘরের পাশে গিয়ে দেখেন গরুটি নেই। এ সময় সেখানে থাকা পাঁচটি কুকুরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, চোরচক্র কুকুরগুলোকে অজ্ঞান করে গরুটি নিয়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি করফা পুলিশ ফাঁড়িতে জানানো হয়। পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হবে। পাশাপাশি ইন্দুরহাট ও চাঁদকাঠির দিকে যাওয়া সড়কগুলোর তথ্যও খতিয়ে দেখা হবে।

গরুর মালিক ও এলাকাবাসী গরুটি উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেছেন। কেউ গরুটির সন্ধান পেয়ে থাকলে ০১৮৮০-৪৯৮৪৯০ অথবা ০১৭৪০-৭১৯৯৭৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *