নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর–২ আসনে গণঅধিকার পরিষদ প্রার্থী হিসেবে শামসুল আলমকে মনোনয়ন দিয়েছে। নেছারাবাদের চিলতলা গ্রামের জন্ম নেওয়া শামসুল আলম স্থানীয়ভাবে পরিচিত মুখ । তাঁর প্রার্থিতা ঘোষণার সঙ্গে সঙ্গে এলাকায় কর্মীদের তৎপরতা বাড়তে শুরু করেছে।
এ আসনে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ভান্ডারিয়া উপজেলার আহ্বায়ক আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে। তিনি তিন উপজেলায় নিয়মিত গণসংযোগ চালিয়ে আসছেন।
জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তিনি এলাকার বিভিন্ন স্থানে সংগঠনের সব স্তরের নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রেখেছেন।
এদিকে জাতীয় পার্টি (জেপি) থেকে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুরের নামও আসছে আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পক্ষে প্রচারণা লক্ষ করা গেলেও সরাসরি এলাকায় প্রচারণা সীমিত।
এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শামস ইশতিয়াক রহমান মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের ২৫ দফা উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন। আর এবি পার্টির প্রার্থী হিসেবে ড. ফয়সাল খান ছোট পরিসরে গণসংযোগ শুরু করেছেন।
সব মিলিয়ে পিরোজপুর–২ আসনে ছয়টি রাজনৈতিক ধারার প্রার্থী এখন প্রকাশ্যে মাঠে রয়েছে। গণঅধিকার পরিষদের শামসুল আলম যুক্ত হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা আরও বহুমুখী হয়ে উঠেছে। দলীয় মনোনয়ন ও কেন্দ্রীয় সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই প্রার্থীদের স্থানীয় তৎপরতা এ আসনের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলছে।
