প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় চমৎকার সাফল্য অর্জন করেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দক্ষিণ কৌরিখাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় দেশাত্মবোধক গান ও পল্লীগীতিতে পুস্পিতা মিস্ত্রী প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া কবিতা আবৃত্তিতে ময়ূরাক্ষী মুন প্রথম স্থান লাভ করে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করেছে। অন্যদিকে কুইজ (সাধারণ জ্ঞান) প্রতিযোগিতায় আল-জামি তৃতীয় স্থান অর্জন করেছে।
বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্যে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ সুগম করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
এদিকে, আসন্ন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়েছেন শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসী। সকলেই আশা করছেন, বিভাগীয় পর্যায়েও তারা এই সাফল্যের ধারা বজায় রাখতে সক্ষম হবে।
