নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. এনামুল হক রতন। দলীয় সিদ্ধান্ত ও পরিবেশ অনুকূলে থাকলে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন তিনি।
এনামুল হক রতন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে বলদিয়া’ এর উপদেষ্টা হিসেবে সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বলদিয়া ইউনিয়ন নেছারাবাদ উপজেলার অন্যতম বড় ইউনিয়ন। দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন ও নাগরিক সুবিধা নিয়ে ইউনিয়নবাসীর নানা প্রত্যাশা রয়েছে। এসব বিষয়কে সামনে রেখে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন এনামুল হক রতন। গত এক বছরেরও বেশি সময় ধরে ‘সবার আগে বলদিয়া’ সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন তিনি।
স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, এলাকায় এনামুল হক রতনের ব্যক্তিগত পরিচিতি রয়েছে এবং তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তি হিসেবে পরিচিত। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সামাজিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কারণে দল-মতের বাইরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে তারা জানান।
এনামুল হক রতন বলেন, আমি বিএনপির রাজনীতির সঙ্গে ৪২ বছর ধরে একটানা যুক্ত। টানা ১২ বছর বলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং পরবর্তী আট বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০২৩ সাল থেকে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি।
তিনি আরও বলেন, বর্তমানে ‘সবার আগে বলদিয়া’ সংগঠনের উপদেষ্টা হিসেবে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছি। বিএনপির রাজনীতি করার কারণে বিভিন্ন সময় আওয়ামী লীগের হামলা-মামলার শিকার হয়েছি।
চেয়ারম্যান পদে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “দল যদি চায় এবং জনগণের সমর্থন থাকে, তাহলে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করব।”
