নিজস্ব প্রতিবেদক: ভূমি সেবা আরও সহজ, দ্রুত ও নির্ভুল করতে নেছারাবাদে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেছেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাইদ । সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা সড়ক ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ সহায়তা কেন্দ্রের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত দত্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক জনাব আবু সাইদ বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ছিল। এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে জনগণ এখন একেবারে দোরগোড়ায় স্বচ্ছ, দ্রুত ও নির্ভুল ভূমি সেবা পাবে।
তিনি আরও বলেন, ডিজিটাল ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের কেন্দ্র সাধারণ মানুষের আস্থা বাড়াবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত দত্ত বলেন, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণে জনগণের হয়রানি কমিয়ে আনাই এই কেন্দ্রের মূল লক্ষ্য। এখান থেকে সেবা নিয়ে মানুষ উপকৃত হবে।
নতুন এই ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু হওয়ায় ভূমি সংক্রান্ত তথ্য, আবেদন, পরামর্শ ও বিভিন্ন সেবা এখন আরও সহজলভ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
