‘সবার আগে বলদিয়া’র পথচলা থামবে না: অপপ্রচারের জবাবে সাইফুল ইসলাম

মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করলেও সমালোচনা পিছু ছাড়ে না এমন বাস্তবতা নিয়েই সমাজবদলের লড়াইয়ে এগিয়ে চলেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অবহেলিত বলদিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন “সবার আগে বলদিয়া”। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে ওঠা নানা অপপ্রচারের জবাবে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো মিথ্যা বা অপবাদে তাদের জনকল্যাণমূলক এই যাত্রা থামবে না।

অসহায় বাস্তবতা থেকে পরিবর্তনের শুরু
একসময় বলদিয়া ইউনিয়নের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যাতায়াত ছিল চরম দুর্ভোগের। ভাঙা সেতু, ঝুঁকিপূর্ণ পুল আর কাঁচা রাস্তার কারণে সামান্য পথ পাড়ি দিতেও ঘণ্টার পর ঘণ্টা সময় অপচয় হতো। জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। এই অসহায় বাস্তবতা বদলাতে এগিয়ে আসেন এলাকার কয়েকজন শিক্ষক, যুবক ও শ্রমজীবী মানুষ। নিজেদের শ্রমে ও অর্থেই শুরু হয় ভাঙা পুল মেরামত ও রাস্তা নির্মাণের কাজ।

সংগঠনটির কাজের স্বচ্ছতা বজায় রাখতে শুরু থেকেই প্রতিটি খরচের হিসাব ও আয়ের উৎস ফেসবুকে প্রকাশ করা হয়। তাদের এই ব্যতিক্রমী ও নিঃস্বার্থ সামাজিক উদ্যোগ স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে নজরে আসে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর। পরবর্তীতে তাঁর ব্যক্তিগত আর্থিক সহায়তায় আরও পাঁচটি নতুন পুল নির্মাণ সম্ভব হয়।

সম্প্রতি একটি পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, সংগঠনটির কার্যক্রমে ‘বিদেশি অর্থায়ন’ বা ‘গোপন চাঁদা’ যুক্ত রয়েছে। এ প্রসঙ্গে মো. সাইফুল ইসলাম বলেন, “গঠনমূলক সমালোচনা আমরা সব সময় স্বাগত জানাই, যা আমাদের ভুল শুধরে দেয়। কিন্তু না জেনে অপবাদ দিলে নতুন প্রজন্ম স্বেচ্ছাসেবী কাজে আগ্রহ হারিয়ে ফেলবে। আমাদের লক্ষ্য কোনো পদ-পদবি নয়, নিজেদের ইচ্ছাশক্তিতে গ্রামকে উন্নয়নের মডেলে রূপান্তর করা।”

অপপ্রচারে কান না দিয়ে এলাকার সর্বস্তরের মানুষের কাছে সহমর্মিতা, সাহস ও দোয়া চেয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। তাদের দৃঢ় বিশ্বাস অপপ্রচার নয়, মানুষের ভালোবাসাই একদিন সব মিথ্যার জবাব দেবে এবং বলদিয়া ইউনিয়নের উন্নয়নের এই জয়যাত্রা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *