নিজস্ব প্রতিবেদক: উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ আজও কর্মবিরতি পালন করেছেন। বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে দেশের চলমান আন্দোলনের অংশ হিসেবে নেছারাবাদের শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকলেও শিক্ষাকার্য থেকে বিরত থাকেন।
সহকারী শিক্ষকদের সংগঠন ‘ঐক্য পরিষদ’ এর ব্যানারে চলা এই কর্মসূচির পাশাপাশি আরও একটি সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানানো হয়েছে।

বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন জাতীয় বেতনস্কেলের ১৩তম গ্রেডে নির্ধারিত (শুরুর মূল বেতন ১১,০০০ টাকা)। বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে চলতি মাসের শুরু থেকেই আন্দোলন চলছে। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর আন্দোলনের একটি অংশ কর্মসূচি স্থগিত করলেও নেছারাবাদসহ বিভিন্ন উপজেলায় শিক্ষকরা আবার নতুন করে কর্মবিরতিতে যোগ দিয়েছেন।
নেছারাবাদে চলমান এ কর্মবিরতির কারণে বেশ কিছু বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
