সুটিয়াকাঠি প্রতিনিধি: সুটিয়াকাঠি গ্রামের দক্ষিণ কৌড়িখাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে এক সহকারী শিক্ষককে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের অপর সহকারী শিক্ষকের বিরুদ্ধে।
ঘটনার শিকার সহকারী শিক্ষক মো. বেলাল হোসেন এ বিষয়ে বিচার চেয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা চলছিল। এ সময় বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে সহকারী শিক্ষক মো. জাহিদ হাসান প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী আনিছা আক্তারের রোল নম্বর দেখতে বলেন সহকারী শিক্ষক মো. বেলাল হোসেনকে।
রোল নম্বর জানাতে কিছুটা বিলম্ব হওয়ায় মো. জাহিদ হাসান ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এক পর্যায়ে তিনি মো. বেলাল হোসেনকে শারীরিকভাবে হেনস্থা করেন। ভুক্তভোগী শিক্ষক প্রশ্ন করলে পুনরায় কিল-ঘুষি মারার অভিযোগও করা হয়েছে। এতে তিনি লাইব্রেরি কক্ষের মেঝেতে পড়ে যান। ঘটনার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
তবে অভিযুক্ত সহকারী শিক্ষক মো. জাহিদ হাসান শারীরিক হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, লাইব্রেরিতে বসে তিনি কেবল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার শিক্ষার্থী আনিছা আক্তারের রোল নম্বর জানতে চেয়েছিলেন। এ সময় উল্টো শিক্ষক বেলাল হোসেন তার ওপর চড়াও হন বলে তার বক্তব্য।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম জানান, তিনি ঘটনাটির বিষয়ে অবগত রয়েছেন। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সভায় থাকায় বিস্তারিত পরে জানাতে পারবেন বলে জানান তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউএনও’র নির্দেশে অভিযোগটি দপ্তরে জমা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
