সুটিয়াকাঠী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষা পরিবেশ উন্নয়ন ও অবকাঠামো আধুনিকায়ন বিষয়ে অভিভাবক-শিক্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এই সভায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম মিন্টু অতিথিদের স্বাগত জানান এবং সাম্প্রতিক আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
সভায় প্রধান অতিথি ছিলেন সুটিয়াকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাড হক কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম দুলাল, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক মো. আব্দুস সবুর খান এবং সরকারি ফজলুল হক কলেজ, চাখার-এর অধ্যাপক মো. আরিফ বিল্লাহ।
অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আতিকুল ইসলাম লিটু, মো. রুহুল আমিন, মো. মাহমুদুল হাসান বাবু, মো. সোহাগ মিয়া, মো. ইমরান হোসেন সজিবসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। টিনশেড ভবনকে পাকা বিল্ডিংয়ে রূপান্তর, শ্রেণিকক্ষের সংখ্যা বৃদ্ধি, আধুনিক শিক্ষাসামগ্রী সংযোজনসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তবায়ন প্রয়োজন। এ লক্ষ্যে শিক্ষক–অভিভাবক–স্থানীয় নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলে মত দেন তারা।
উপজেলার অন্যতম পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান এই সুটিয়াকাঠী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ১৯২৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি সুটিয়াকাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে তালুকদার বাড়ির পাশেই অবস্থিত। দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী এই প্রতিষ্ঠান এলাকাবাসীর শিক্ষার মূল ভরসা হিসেবে পরিচিত।
