পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। জেলার ছয় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, বরিশাল বিভাগীয় কর্মকর্তা এবং বরিশাল বিভাগীয় সার্ভিল্যান্স মেডিকেল অফিসার।
সভায় জেলার চলমান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির সার্বিক অগ্রগতি উপস্থাপন করা হয়। জানানো হয়, জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত এনসিডি কর্নারে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার উচ্চ রক্তচাপ আক্রান্ত রোগী এবং আড়াই হাজার ডায়াবেটিস রোগী নিবন্ধিত হয়েছেন। এসব রোগী নিয়মিত হাসপাতালের এনসিডি কর্নার থেকে বিনামূল্যে ওষুধ গ্রহণ করছেন।
বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও এনসিডি কর্নারগুলোতে সেবা কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি জেলার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা প্রদানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সক্ষমতা পর্যালোচনা ও আরও রোগীবান্ধব সেবা নিশ্চিত করার সুপারিশ উঠে আসে।
