পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন বিএনপি নেতা মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদকে উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চাওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়দের মতে, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ওয়াহিদুজ্জামান ওয়াহিদ তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলা, দলীয় কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন নির্বাচনে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নিজেকে একজন যোগ্য সংগঠক হিসেবে প্রমাণ করেছেন।
তিনি বর্তমানে নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর জন্ম নেছারাবাদ উপজেলার কৌরিখাড়া গ্রামে। পিতা মোঃ হাবিবুর রহমান ও মাতা নুরজাহান হাবিব। শিক্ষাগত যোগ্যতায় তিনি এম.বি.এ ডিগ্রিধারী এবং পেশায় একজন ব্যবসায়ী।
রাজনৈতিক জীবনের শুরু ছাত্রদলের মাধ্যমে। ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সরকারি স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের সভাপতি, ১৯৮৭-১৯৯১ সালে স্বরূপকাঠী থানা ছাত্রদলের সভাপতি এবং ১৯৯২-১৯৯৩ সালে স্বরূপকাঠী থানা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনবার স্বরূপকাঠী থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৮-২০১১ সালে নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব এবং ২০১৭-২০২২ সাল পর্যন্ত উপজেলা বিএনপির ১নং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা পর্যায়েও তার সক্রিয়তা ছিল উল্লেখযোগ্য।
তিনি পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, জেলা যুবদলের সদস্য এবং ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত পিরোজপুর জেলা বিএনপির ৫নং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
এলাকাবাসীর দাবি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ উপজেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলে নেছারাবাদ উপজেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
