নিজস্ব প্রতিবেদক: উপজেলার ঐতিহ্যবাহী ছারছীনা দরবারে আগামী ২৯, ৩০ ও ১ ডিসেম্বর শনিবার, রোববার ও সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩৫তম বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল। অগ্রহায়ণ মাসের এই তিন দিনব্যাপী আধ্যাত্মিক সমাবেশকে ঘিরে ইতোমধ্যেই ছারছীনা ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
মাহফিল উপলক্ষে দরবার শরীফের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাপনা, আবাসন, হাজিরদের সেবা, খাস ফরিক দল, মাঠ ব্যবস্থাপনা ও বিভিন্ন উপকমিটির কাজ কয়েকদিন ধরে চলেছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন , উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে পুরো আয়োজন তদারকি করছে, যাতে আগত মুরিদ-মুহিব্বীন ও দর্শনার্থীরা নির্বিঘ্নে অংশ নিতে পারেন।
তিন দিনব্যাপী এ মাহফিলের শেষ দিন বাদ জোহর অনুষ্ঠিত হবে আখেরী বয়ান ও মোনাজাত। দেশ, জাতি ও সমগ্র মানবসমাজের শান্তি, ন্যায়, নৈতিক জাগরণ ও আলোকিত জীবনের প্রার্থনায় এ আখেরী বয়ান ও মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা দরবারের পীর, হজরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।
