আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৬নং দৈহারী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যে দৈহারী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে বেশ আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক এবং সাবেক ছাত্রনেতা আল মামুন।
স্থানীয় রাজনীতি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় অংশগ্রহণের কারণে সাধারণ মানুষের মাঝে ইতোমধ্যেই তিনি নিজের একটি দৃঢ় অবস্থান ও ব্যাপক পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আল মামুন ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। তিনি ৬নং দৈহারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি এলাকার শিক্ষা ও ব্যবসায়ী সমাজেও রয়েছে তার উজ্জ্বল উপস্থিতি। তিনি বড়ইবাড়ী আসমত আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং ইনলাইট প্রিপারেটরি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে শিক্ষার আলো ছড়াতে কাজ করে যাচ্ছেন। এছাড়া বর্তমানে তিনি বড়ইবাড়ী নতুন বাজার (গফুরের বাজার) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, আল মামুন দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তরুণ নেতৃত্বের কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে একজন শক্তিশালী ও যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন সাধারণ ভোটাররা।
নির্বাচনে প্রার্থিতার বিষয়ে জানতে চাইলে আল মামুন বলেন, “আমি পদের লোভ বা সার্থের জন্য নয়, সবসময় মানুষের পাশে থাকার আন্তরিক চেষ্টা থেকে রাজনীতি ও সমাজসেবা করে আসছি। আমার মূল লক্ষ্য হলো অবহেলিত দৈহারী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা।”
তিনি আরও বলেন, “জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি সবার সহযোগিতা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করব। ইনশাআল্লাহ, অবহেলিত এই ইউনিয়নের উন্নয়নে বড় ধরনের চমক দেখাতে পারব। বিশেষ করে ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং তরুণদের কর্মসংস্থানের উন্নয়নে আমি বিশেষ গুরুত্ব দেব। আমি চাই, আমাদের দৈহারী ইউনিয়ন যেন অন্য সবার জন্য একটি মডেল ইউনিয়ন হয়ে ওঠে।”
এদিকে স্থানীয় ভোটাররা বলছেন, তারা আগামীতে এমন একজন কর্মঠ, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করছেন যিনি সুখে-দুঃখে সবসময় এলাকার মানুষের পাশে থাকবেন। আর এই প্রত্যাশা পূরণে আল মামুনই অন্যতম যোগ্য ব্যক্তি বলে মনে করছেন তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।
সব মিলিয়ে, আসন্ন নির্বাচনে দৈহারী ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক সচেতন মহল।
