নাগরিক সেবা ও উন্নয়ন বিষয়ে জেলা প্রশাসকের দিকনির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর জেলার জেলা প্রশাসক আবু সাঈদের নেছারাবাদ উপজেলা আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে নেছারাবাদ উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার জেলা প্রশাসক আবু সাঈদ।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত বক্তারা নেছারাবাদ উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ–কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, নেছারাবাদ সেনাক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল আরাফ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জয়, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী কামাল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠী পৌর সাধারণ সম্পাদক মইনুল হাসান, নেছারাবাদ উপজেলা জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন সর্বদা নিরপেক্ষ থাকবে এবং নির্বাচনকালীন সময়ে আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন কোনো পক্ষপাতমূলক আচরণ করবে না।

এ সময় তিনি নেছারাবাদ উপজেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভা শেষে উপস্থিত সবাই জেলা প্রশাসকের আগমন ও মতবিনিময় সভাকে ফলপ্রসূ ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *