পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ১ হাজার পিস ইয়াবাসহ আরিফউদ্দিন মন্ডল (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের মাটিভাংগা পুলিশ ক্যাম্পের চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারিতলা গ্রামের বাসিন্দা আরিফউদ্দিন মন্ডলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান থানায় উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।
ওসি আরও জানান, রবিবার (১৯ এপ্রিল) আটক মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
