“খেলার মাঠে মিলুক প্রাণ, সৌহার্দ্যে হোক বিজয়ের গান” এই স্লোগানকে সামনে রেখে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে আন্তঃওয়ার্ড শর্টবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ জুন) বিকাল ৩টা ৩০ মিনিটে আলহাজ্ব আব্দুর রহমান ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম (টুটুল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম নাসির হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আল-আমিন।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে জমিদার স্পোর্টিং ক্লাব ও কাটাখালি কিংস একাদশ। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় এবং উৎসবমুখর পরিবেশ।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
