নেছারাবাদ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা রফিকুল ইসলাম

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে যুবদল নেতা রফিকুল ইসলাম রফিকের নাম। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, রফিকুল ইসলাম রফিক দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি স্বরূপকাঠী ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (ট্যুয়াস)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি কনজ্যুমার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব, “আজকের পত্রিকা (পাঠক বন্ধু)” এর আহ্বায়ক এবং ৫নং জলাবাড়ি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে রফিক ইতোমধ্যেই একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তরুণ প্রজন্মের মধ্যেও তার গ্রহণযোগ্যতা লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে রফিকুল ইসলাম রফিক বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ সমর্থন করে, তাহলে আমি উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। আমি জনগণকে সাথে করে ও তাদের মতামতের ভিত্তিতে উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে দাঁড় করাতে চাই। এই বিষয়ে সবার মতামত ও দোয়াপ্রার্থী।”

এদিকে স্থানীয় ভোটারদের একটি অংশ মনে করছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে রফিকুল ইসলাম রফিক ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে নির্বাচনে নতুন মাত্রা যোগ হতে পারে।

উপজেলার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা আরও জোরালো হবে এবং শেষ পর্যন্ত দলীয় মনোনয়নই নির্ধারণ করবে কে হচ্ছেন চূড়ান্ত প্রার্থী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *