নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপ্রত্যাশী শামস ইশতিয়াক রহমান ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদকে কেন্দ্র করে তাঁর উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন। দলীয় প্রচারণাপত্রে তিনি এলাকার মানুষের দীর্ঘদিনের অবহেলা, যোগাযোগ ব্যবস্থার ঘাটতি ও অর্থনৈতিক স্থবিরতার কথা তুলে ধরে মোট ২৫ দফা অঙ্গীকার প্রকাশ করেন। এলাকার তরুণ প্রার্থী হিসেবে তিনি নতুন ধারার রাজনীতি ও স্থানীয় মানুষের প্রত্যাশাকে বাস্তবায়নে আগ্রহী বলে জানান।
তার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, ভান্ডারিয়া-নেছারাবাদ-কাউখালীর প্রধান সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, যানজট ও দুর্ঘটনা কমানোর উদ্যোগ, নদীভিত্তিক পর্যটন বিকাশ, স্থানীয় শিল্প ও ব্যবসায়ীদের আর্থিক সহায়তা, কৃষক ও জেলে সম্প্রদায়ের জন্য ভর্তুকি ও নতুন সুবিধা প্রদান। পাশাপাশি তিনি ইউনিয়ন পর্যায়ে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা, নতুন সেতু-কালভার্ট নির্মাণ, নদীভাঙনরোধ ও জলবায়ু সুরক্ষায় বিশেষ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
শামস ইশতিয়াক তার নির্বাচনী অঙ্গীকারের ফেসবুক পোস্টে আরও জানান, নির্বাচিত হলে তিনি যুব উন্নয়ন, খেলাধুলা, সামাজিক নিরাপত্তা ও শিক্ষা খাতে নতুন উদ্যোগ নেবেন। তাঁর দাবি, এনসিপি এলাকার মানুষের প্রত্যাশা পূরণে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে চায় এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই তাদের মূল কাজ।
শামস ইশতিয়াক রহমান পিরোজপুর জেলা এনসিপির যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করছে।
