দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে ধীরে ধীরে বদলে যাচ্ছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের চিত্র। স্বাধীনতার পর থেকে পিছিয়ে থাকা এই ইউনিয়নের বিভিন্ন এলাকায় এখন চলছে সড়ক, ব্রিজ, কালভার্টসহ নানা অবকাঠামোগত উন্নয়ন। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত ৯ নম্বর ওয়ার্ডে উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
স্থানীয়দের দাবি, বহু বছর ধরে এলাকার বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী থাকলেও বর্তমানে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কাটাপিটানিয়া মন্দির সংলগ্ন সড়ক সংস্কার, লেবুবাড়ী-খেজুরবাড়ী সড়ক নির্মাণ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন স্থানে ব্রিজ-কালভার্ট নির্মাণের ফলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উন্নয়নের পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষও স্বস্তির সঙ্গে বসবাস করছেন। তাদের ভাষ্য, উন্নয়নের সুফল ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ পাচ্ছেন।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম টুটুল বলেন, “বলদিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপ দেওয়াই আমাদের লক্ষ্য। উন্নয়ন কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, এটি সকল মানুষের অধিকার। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি এলাকার মানুষের চাহিদা অনুযায়ী অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতেও সমান গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। মানুষের আস্থা ও সহযোগিতা নিয়েই আমরা উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চাই।”
স্থানীয়রা জানান, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের উদ্যোগ এবং স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে বলদিয়া ইউনিয়নে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, তা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই ইউনিয়নটি উপজেলার অন্যতম উন্নত জনপদে পরিণত হবে।
