নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধনকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবের পরিবেশ তৈরি হয়। দৃষ্টিনন্দন প্যান্ডেল, সারিবদ্ধ ৩০টি স্টল এবং রঙিন সাজসজ্জায় পুরো এলাকাজুড়ে ছিল ব্যস্ততা ও আনন্দঘন আবহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম সকালে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন।
তবে পুরো আয়োজনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল প্রবেশ গেটের তারিখসংক্রান্ত ভুল। গেটের ব্যানারে উদ্বোধনের তারিখ হিসেবে ভুলবশত ২৬ ডিসেম্বর ২০২৫ লেখা হয়, যেখানে বাস্তবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ২৬ নভেম্বর। এই বিভ্রাট স্থানীয়দের মধ্যে হাস্যরসের পরিবেশ তৈরি করে। সকালে পথচারীরা গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে থাকেন। অনেকেই মন্তব্য করেন, মেলা আজই, কিন্তু গেট বলছে আগামী মাসে আসতে!
তারিখ বিভ্রাটের কারণে সাধারণ মানুষের মধ্যে সাময়িক বিভ্রান্তি তৈরি হলেও মূল অনুষ্ঠান নির্বিঘ্নেই সম্পন্ন হয়। স্টলগুলোতে স্থানীয় খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং এলডিডিপি প্রকল্পের সহযোগিতায় সপ্তাহব্যাপী প্রদর্শনী চলবে।
স্থানীয় শিক্ষক–শিক্ষার্থীরা জানান, তারিখের ছোট ভুলটি মজার হলেও আয়োজনটি সুন্দরভাবে শুরু হওয়ায় তারা সন্তুষ্ট। আয়োজনের পরিধি, স্টলের সংখ্যা এবং সেবা প্রদানের পদ্ধতি দেখে অনেকেই সন্তোষ প্রকাশ করেন।
