বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদকে অশ্রুসিক্ত বিদায়, শোক প্রকাশ টুটুলের

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদকে অশ্রুসিক্ত পরিবেশে শেষ বিদায় জানানো হয়েছে। তার বিদায়ে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ফজিলা রহমান মহিলা ডিগ্রী কলেজের মাঠে বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেন। এ সময় উপস্থিত সবার চোখে ছিল গভীর শোক ও বেদনার ছাপ।

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম টুটুল মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ছিলেন একজন ত্যাগী, সৎ ও জননন্দিত নেতা। তার মৃত্যুতে নেছারাবাদ বিএনপি একজন অভিভাবককে হারালো।” তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ১৩ জুন ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে নেছারাবাদসহ পিরোজপুর জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *