নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের দোসর এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণহত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর প্রার্থিতা বাতিল এবং গ্রেপ্তারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে ছাত্র-জনতা।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ‘ছাত্র-শ্রমিক জনতার খুনি’, ‘গণহত্যাকারীর প্রার্থিতা বাতিল চাই’, ‘খুনি হাসিনার দোসরকে গ্রেপ্তার কর’ এমন বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একাধিক মামলার আসামি এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত আনোয়ার হোসেন মঞ্জুকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তার প্রার্থিতা বাতিল করতে হবে।
