নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে ‘মুক্তির উন্মেষ উৎসব–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি সামাজিক উন্নয়ন ও সেবামূলক সংগঠন। বাংলাদেশ মানব কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী সংসদের আওতায় বাংলাদেশ রয়েল স্বেচ্ছাসেবী টিমের পরিচালনায় এবং মুক্তির উন্মেষ উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মো. শফিকুল ইসলাম ফরিদ। সভাপতিত্ব করেন সিদ্ধার্থ শংকর মিস্ত্রী এবং সঞ্চালনায় ছিলেন জনাব মো. আব্দুর রাজ্জাক। এছাড়া অতিথি হিসেবে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গের নাম ব্যানারে উল্লেখ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শহীদদের আত্মত্যাগ স্মরণ করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মুক্তিযুদ্ধভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি চালু রাখার প্রত্যাশার কথাও জানান তারা।
