যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে নেছারাবাদ উপজেলায় তিন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টা ৩০ মিনিটে একযোগে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হবে।

এরপর উপজেলা স্মৃতিস্তম্ভ চত্বর (পৌরসভা সংলগ্ন) এবং সোহাগদল ও আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের বধ্যভূমিসমূহে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একইসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করা হবে। পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, গার্লস গাইডস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন থাকবে।

এছাড়া ১৬ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী বর্ণাঢ্য বিজয় মেলা আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মেলায় ঢাক, কাঁসাসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্পপণ্য ও ঐতিহ্যবাহী সামগ্রী প্রদর্শিত হবে।

দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতির ইতিহাসে এক চিরগৌরবের দিন। এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নেছারাবাদ উপজেলা প্রশাসন বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন সফল হবে বলে আমরা আশাবাদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *