নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে ‘সবার আগে বলদিয়া’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গ্রাম উন্নয়নে সৃষ্টি হয়েছে অনন্য দৃষ্টান্ত। কোনো ধরনের সরকারি সহায়তা ছাড়াই সংগঠনটির সদস্যদের ক্ষুদ্র অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এসেছে দৃশ্যমান পরিবর্তন।
সংগঠনের সদস্যরা প্রতি সপ্তাহের শুক্রবার এবং শনিবার এক ও অভিন্ন পোশাকে হাতে করাত, কুড়াল, হাতুড়ি ও শাবল নিয়ে নেমে পড়েন উন্নয়ন কাজে। ভাঙাচোরা ও বেওয়ারিশ পুল মেরামতের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নির্মাণ করছেন নতুন রাস্তা ও সেতু।
একসময় যেসব এলাকায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হতো, এখন সেখানে নতুন পুল নির্মাণ হওয়ায় মোটরসাইকেল ও অটোগাড়িতে সহজেই চলাচল করা যাচ্ছে। এতে কমেছে জনদুর্ভোগ, বেড়েছে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি।
সংগঠনের উপদেষ্টা প্রবীণ শিক্ষক মো. এনামুল হক রতন জানান, গত এক বছরে প্রতি শুক্রবার তাদের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বলদিয়া মলুহার বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন, কেরামদ্দিন সালাম মেম্বার বাড়ি সংলগ্নসহ বিভিন্ন এলাকায় নতুন পুল নির্মাণ ও সড়ক মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৭০টি পুল নির্মাণ করেছে সংগঠনটি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বলদিয়া ইউনিয়ন অবহেলিত থাকায় ভাঙাচোরা সড়ক ও ঝুঁকিপূর্ণ পুলের কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে ছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে কাজ না হওয়ায় একপর্যায়ে এলাকার তরুণ ও প্রবীণদের সমন্বয়ে গড়ে ওঠে ‘সবার আগে বলদিয়া’ সংগঠন। নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে তারা শুরু করে উন্নয়ন কার্যক্রম।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, “একসময় বলদিয়া ইউনিয়নে এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত ছিল অত্যন্ত কষ্টকর। নানা প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়ন হয়নি। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি। ঐক্য ও পরিশ্রম থাকলে উন্নয়ন সম্ভব—আমরা সেটাই প্রমাণ করেছি।”
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, ‘সবার আগে বলদিয়া’ সংগঠনের উদ্যোগে ইউনিয়নে যে উন্নয়ন কার্যক্রম চলছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ ধরনের উদ্যোগ গড়ে উঠলে উন্নয়নের গতি আরও বাড়বে।
স্থানীয়দের মতে, স্বেচ্ছাশ্রম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কীভাবে একটি এলাকা বদলে যেতে পারে, তার বাস্তব উদাহরণ হয়ে উঠেছে ‘সবার আগে বলদিয়া’। সংগঠনটির এই ব্যতিক্রমী উদ্যোগ এখন নেছারাবাদজুড়ে স্বনির্ভর উন্নয়নের রোল মডেল হিসেবে প্রশংসিত হচ্ছে।
মোবাইল: 01711952372
তারিখ: ২৩.০৫.২৬ ইং
