স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে এক স্নিগ্ধ, ভাবগম্ভীর ও আত্মিক পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ইন্দুরহাট বন্দরে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ মাহফিল ভ্রাতৃত্ব, সংযম ও তাকওয়ার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও সদস্যরা একত্রে ইফতার গ্রহণ করেন এবং রমাদানের মহিমা ও সাম্যের চেতনা উপলব্ধি করেন।
ইফতারের পর দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (শাহীন)। এ সময় আল্লাহ তাআলার দরবারে রহমত, মাগফিরাত ও নাজাত কামনা করা হয়।
মাহফিলে রমাদানের প্রকৃত তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, নফসের সংযম এবং তাকওয়া অর্জনের গুরুত্ব বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা বলেন, রমাদান কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মিক পরিশুদ্ধি, মানবিকতা বিকাশ এবং আল্লাহভীতির চর্চার এক মহিমান্বিত সুযোগ। তারা আরও বলেন, স্বরূপকাঠির সাংবাদিকরা যেন দল-মত নির্বিশেষে সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম ইসলাম জাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরূপকাঠী প্রেসক্লাবের সাবেক সভাপতি আতিকুল ইসলাম লিটু, আবদুর রহমান কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, দৈনিক ইত্তেফাকের নেছারাবাদ প্রতিনিধি হালিমুর রহমান শাহিনসহ সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তুহিন আহসান প্রমুখ।
অনুষ্ঠান শেষে আয়োজকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রেখে সমাজে নৈতিকতা, সহমর্মিতা ও ঐক্যের বাণী ছড়িয়ে দেওয়া হবে।
