বলদিয়া ইউনিয়নের পথচারীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে স্থানীয় বাসিন্দারা নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ পুল ও রাস্তা সংস্কারের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। সরকারি উদ্যোগের অভাবে যখন রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল, তখন স্থানীয় জনতা ঐক্যবদ্ধভাবে এই জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসে। স্থানীয়দের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান ও শ্রমের মাধ্যমে ইতিমধ্যে ১৮টি অকেজো পুল সংস্কার ও নতুনভাবে নির্মাণ করা সম্ভব হয়েছে।
এই জনকল্যাণমূলক কাজে নেতৃত্ব দিচ্ছেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল্লাহ আল-বেরুনী সৈকত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. সাইফুল ইসলামের সংগঠন ‘সবার আগে বলদিয়া’ এর নেতৃত্বে প্রতি শুক্রবার শতাধিক যুবক এই ‘শ্রমদানে’ অংশ নিচ্ছেন। দীর্ঘ এক মাস ধরে চলা এই উন্নয়ন কর্মকাণ্ডের ফলে বলদিয়া ইউনিয়নের চলাচলের অযোগ্য হয়ে পড়া পথগুলো এখন স্বাভাবিক রূপ ফিরে পাচ্ছে।
এই উন্নয়ন কার্যক্রমের ফলস্বরূপ ২০ মিনিটের পথ পার হতে যে দীর্ঘ এক ঘণ্টা লাগত, সেই দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে এলাকাবাসী। ইতিমধ্যে মধ্য বলদিয়া মলুহার বালিকা বিদ্যালয়ের পাশে ছাউনি-সংবলিত নতুন পুল নির্মাণ করা হয়েছে। এছাড়াও কেরামদ্দি, কাটাখালী, রাজাবাড়ী ও সোনারঘোপ এলাকায় একাধিক পুল ও রাস্তা সংস্কার হয়েছে। এই কাজ প্রসঙ্গে সাবেক ছাত্রনেতা মো. সাইফুল ইসলাম বলেন, ‘সরকারি বরাদ্দ না পেয়ে আমরা নিজেরাই অর্থ জোগাড় করে কাজ করছি। সৈকত ভাই আমাদের এই কাজে প্রতিনিয়ত প্রেরণা জুগিয়ে যাচ্ছেন।’
