ইরানে মার্কিন হামলা ও খামেনি হত্যার প্রতিবাদে নেছারাবাদে জামায়াতের বিক্ষোভ

ইরানে মার্কিন হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখা।

সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে ‘নির্মম ও ন্যক্কারজনক’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, মুসলিম বিশ্বের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।

তারা আরও বলেন, নিরপরাধ মানুষ হত্যা ও একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে এ ধরনের হামলা বন্ধ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, যা মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *