নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর–২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছেন পিরোজপুর জেলা রিটার্নিং অফিসার আবু সাঈদ। যাচাই-বাছাই শেষে ঋণখেলাপি থাকার প্রমাণ পাওয়ায় তার মনোনয়ন প্রার্থিতা বাতিল করা হয়।
পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনায় দেখা যায় তিনি সংশ্লিষ্ট ব্যাংকের ঋণখেলাপি। নির্বাচন আইন অনুযায়ী ঋণখেলাপি ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য নন। এ কারণে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে রিটার্নিং অফিসার আবু সাঈদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা এবং প্রচলিত আইন অনুসরণ করেই মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আইনগত কোনো ব্যত্যয় পাওয়া গেলে মনোনয়ন বাতিল করা ছাড়া বিকল্প থাকে না বলেও তিনি উল্লেখ করেন।
