চলাচলের রাস্তার ওপর ড্রেন খননের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জনসাধারণের চলাচলের রাস্তার ওপর অবৈধভাবে ড্রেন খননের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ স্বরূপকাঠী এলাকার বাসিন্দা মো. ফিরোজ আলম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটের সময় স্বরূপকাঠী পৌরসভার একটি জনসাধারণের চলাচলের রাস্তার ওপর ড্রেন খনন করা হয়। অথচ পূর্ব থেকেই উক্ত এলাকায় ড্রেনের নির্ধারিত জায়গা বিদ্যমান ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত হিসেবে সুব্রত আশ্চর্য্য বনুর (৪৫) নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে রাস্তার ওপর দিয়ে ড্রেন খননের কাজ শুরু করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, খননকাজে বাধা প্রদান করলে মো. ফিরোজ আলমের ম্যানেজার মো. খাইরুল ইসলামসহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধরনের হুমকি দেন।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি একজন ব্যবসায়ী হলেও এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *