নিজস্ব প্রতিবেদক: আলকিরহাট বাজারে চায়ের দোকানে হামলার অভিযোগের পর ঘটনাটির পটভূমি নিয়ে প্রত্যক্ষদর্শীরা নতুন তথ্য জানিয়েছেন। তাদের বর্ণনায় দেখা যাচ্ছে, সাম্প্রতিক উত্তেজনার মূল উৎস ছিল বাজারের একটি পরিত্যক্ত সরকারি জায়গা নিয়ে বিরোধ।
স্থানীয়রা জানান, বাজারের দক্ষিণ পাশে বহুদিন ধরে একটি সরকারি ওয়াশরুম নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিত্যক্ত ছিল। প্রকল্পটি বাস্তবায়িত না হওয়ায় জায়গাটি খালি পড়ে থাকে। কয়েকদিন আগে মৃত বাদল বেপারীর ছেলে লিমন জায়গাটি পরিষ্কার করে সেখানে একটি ঘর তোলার উদ্যোগ নেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, লিমনকে তারা বৈধ নথিপত্র দেখাতে অনুরোধ করেন এবং বাজার কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলেন। কিন্তু তিনি কোনো আলোচনা ছাড়াই পুরনো ঘরের মালামাল এবং কিছু ইলেকট্রনিক সরঞ্জাম এনে ঘর বানানোর প্রস্তুতি নিতে থাকেন।
এতে বাজারের ইজারাদার ও স্থানীয়রা আপত্তি জানিয়ে মালামাল অন্যত্র সরিয়ে নিতে বলেন। লিমনসহ স্থানীয়রাই পরে মালামাল সরাতে সহযোগিতা করেন। এরপর লিমনের আত্মীয় মিঠু বিষয়টি জানতে বাজার ইজারাদারের সঙ্গে কথা বলতে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন।
এ ঘটনার পর চায়ের দোকানি মিলন থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেছেন, একটি গ্রুপ দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় ফজরের আগে তার দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট হয় এবং তাকে মারধরও করা হয়।
