ছারছীনা দরবারের ১৩৫তম মাহফিল শুরু

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফে শুরু হয়েছে ১৩৫তম তিন দিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল এবং বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ-এর বার্ষিক সম্মেলন। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব দরবারের পীর সাহেবের জিকিরের তালীম ও উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে এবারের মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আগামী সোমবার বাদ জোহর আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে।

বার্ষিক এই মাহফিলকে ঘিরে ছারছীনা দরবার ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ও সেবামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম এবং ট্রাফিক পুলিশ মাঠে দায়িত্ব পালন করছে। পাশাপাশি দরবার শরীফের নিজস্ব ব্যবস্থাপনায় মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে খাস ফরীক দল, সেবাশাখা, হারানো মাল বিভাগ, স্টল ব্যবস্থাপনা এবং গাড়ি পার্কিং টিম সমন্বিতভাবে সার্বিক তদারকি করছে, যাতে আগত সকল মুসুল্লি নির্বিঘ্নে মাহফিলে অংশ নিতে পারেন।

এদিকে মাহফিল উপলক্ষে দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং গ্রামাঞ্চল থেকে পীরভাই, মুহিব্বীন ও ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ছারছীনায় আসছেন। প্রতিবছরের মতো এবারও আগমন ঘটছে রিজার্ভ লঞ্চ, বাস, ট্রাক, ট্রলারসহ নানা পরিবহনে। মাহফিল শুরু হওয়ার আগেই ছারছীনা এলাকায় ভক্তদের উপস্থিতি বৃদ্ধি পেয়ে পুরো পরিবেশে আধ্যাত্মিক আবহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ বছরের মাহফিলও লাখো মানুষের অংশগ্রহণে শান্তি, নৈতিকতা ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *