ছারছীনা দরবার শরীফে তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফে তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ মাগরিব হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম ও উদ্বোধনী আলোচনার মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী শনিবার (১৪ মার্চ) বাদ জোহর আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রমজান মাস উপলক্ষে এবারের মাহফিলে দেশের বৃহত্তম ইফতার মাহফিল ও খতম তারাবির বিশেষ আয়োজন রাখা হয়েছে। মাহফিলে প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম প্রদান করবেন। পাশাপাশি দেশের প্রখ্যাত আলেমগণ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।

মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা আলহাজ ড. সৈয়দ মুহাম্মদ শরাফত আলী জানান, মাহফিলে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা রিজার্ভ লঞ্চ, বাস, ট্রাক ও ট্রলারযোগে ইতোমধ্যে ছারছীনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি যাত্রাপথের নিরাপত্তা ও মাহফিলের সার্বিক সফলতা কামনা করে পীরভাই, মুহিব্বীনসহ সর্বস্তরের মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানান।

সরেজমিনে দেখা গেছে, মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশাল ময়দান প্রস্তুত করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে। এছাড়া ফায়ার সার্ভিসের প্রস্তুতি, হারানো জিনিসপত্রের বুথ, সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণের জন্য বুথ, অস্থায়ী মোবাইল টাওয়ার, অস্থায়ী হোটেল, গাড়ি পার্কিং এবং অজু-গোসল ও বাথরুমের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতি বছর ছারছীনা দরবার শরীফের এই বার্ষিক মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *