নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের পক্ষে নেছারাবাদে এক বিশাল মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক টুটুল আইচ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আহম্মদ সোহেল মনজুর সুমনের নেছারাবাদ উপজেলা নির্বাচন পরিচালনা প্রধান কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি জগন্নাথকাঠী বন্দর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
মিছিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তারা বলেন, আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। তারা ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান।
মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বরূপকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল হাসান, স্বরূপকাঠী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজ শিকদার, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জসিম বাহাদুর, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল জুবায়েরসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
