পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১ নং বলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে স্থানীয় কয়েকশ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ডুবি দাখিল মাদ্রাসার সামনে থেকে পঞ্চবেকী বাজার পর্যন্ত গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে বলদিয়া ইউনিয়নের দীর্ঘদিনের যোগাযোগব্যবস্থার দুরবস্থা, রাস্তাঘাট ও সেতুর সংকট এবং স্থানীয় মানুষের অর্থনৈতিক দুর্ভোগের বিষয়গুলো আলোচনায় উঠে আসে। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।
গণসংযোগকালে নুরুল আলম বিপ্লব বলেন, “বলদিয়া উপজেলার সবচেয়ে অবহেলিত ইউনিয়নগুলোর একটি। এর আগে আপনারা যাঁদের ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন, তাঁরা বলদিয়ায় কয়টি রাস্তা ও সেতু আছে, সেটাও জানেন না। জনগণের কথা চিন্তা না করে নিজের পকেটের কথা চিন্তা করলে কখনো উন্নয়ন আসবে না।”
তিনি আরও বলেন, “বিএনপি করার কারণে আমি অনেক মামলা-হামলার শিকার হয়েছি। আপনারা আমার সঙ্গে থাকলে দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে বলে আমি আশা করি। আমি চেয়ারম্যান হতে পারি বা না পারি, আপনাদের সঙ্গে নিয়ে এই ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাব।”
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে ইউনিয়নের ভাঙাচোরা সড়ক, সেতুর অভাব, কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতার মতো বিষয়গুলো গুরুত্ব পায় বলে জানা গেছে।
গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা বলেন, বলদিয়া ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এখন সময়ের দাবি। তাঁদের মতে, এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে যিনি কাজ করবেন, তাঁকে ঘিরেই স্থানীয় মানুষের প্রত্যাশা তৈরি হবে।
স্থানীয় নেতাকর্মীরা আরও জানান, বলদিয়ার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে দলীয় উদ্যোগের পাশাপাশি জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা প্রয়োজন। এ বিষয়ে নুরুল আলম বিপ্লবকে দলীয় মনোনয়ন দেওয়া হবে কি না, সে বিষয়ে দলীয় সিদ্ধান্ত এখনো জানা যায়নি। তবে স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন পিরোজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন নুরুল আলম বিপ্লবের রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতা পর্যালোচনা করে মনোনয়ন পেতে উৎসাহিত করবেন।
গণসংযোগের মধ্য দিয়ে নুরুল আলম বিপ্লব বলদিয়া ইউনিয়নের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং এলাকার উন্নয়ন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
