পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমিন। দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড ও স্বাস্থ্যসেবায় অবদান রাখার পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত এই বিএনপি নেতা এবার ইউনিয়নবাসীর সেবা করার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়ভাবে সমাজসেবক হিসেবে পরিচিত মো. রুহুল আমিন বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে তাঁর সমর্থকদের দাবি। বিশেষ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁর বিভিন্ন উদ্যোগ ও সহযোগিতা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
দলীয় রাজনীতিতেও দীর্ঘদিন ধরে সক্রিয় রুহুল আমিন বর্তমানে সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সমর্থকদের ভাষ্য, ব্যক্তিগত জীবনে স্বচ্ছতা, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি ইউনিয়নবাসীর কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মো. রুহুল আমিন বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতিকে আমি মানুষের সেবা করার একটি মাধ্যম হিসেবে দেখি। সুটিয়াকাঠী ইউনিয়নের সাধারণ মানুষ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে ইউনিয়নের উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগব্যবস্থা এবং অসহায় মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। ইউনিয়নের প্রতিটি মানুষের মতামত ও অধিকারকে সম্মান করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সুটিয়াকাঠী গড়ে তোলাই আমার লক্ষ্য।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে রুহুল আমিনের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে তাঁর অনুসারী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
তবে নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করবেন বলেও জানিয়েছেন মো. রুহুল আমিন। তবে তিনি দলীয় মনোনয়ন পাবেন বলে আশা ব্যক্ত করেছেন।
