নেছারাবাদে কালবৈশাখীর ঝড়ে গাছ চাপার নিহতের পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

পিরোজপুরের নেছারাবাদে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ উপড়ে পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এ হৃদয়বিদারক ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

বুধবার (২৭ মে) প্রতিমন্ত্রীর নির্দেশে নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা নিহতের বাড়িতে যান এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন। পরে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে পাঠানো আর্থিক সহায়তা নিহতের স্বামী নজরুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়।

জানা যায়, ঘটনার সময় রুমানা ইয়াসমিন নিজ ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে শুরু হওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে একটি বিশাল চাম্বল গাছ উপড়ে তাদের রান্নাঘরের ওপর ভেঙে পড়ে। এতে গাছচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্বামী নজরুল ইসলাম অসহায়ভাবে ঘটনাটি প্রত্যক্ষ করেন, যা উপস্থিত সবার হৃদয়কে নাড়া দেয়। নিহতের পরিবারে তিনটি ছোট ছেলে সন্তান রয়েছে, যারা মায়ের শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাছির উদ্দীন তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হাসান, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ জসিম বাহাদুর, সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন খান, ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়দের দাবি, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এ অঞ্চলে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ ও দুর্যোগকালীন সচেতনতা বাড়ানো জরুরি। অন্যথায় এ ধরনের মর্মান্তিক ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। এ দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবারকে ঘিরে চলছে সহমর্মিতা প্রকাশের ঢল।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মেসন্ডা গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মারা যান তিনি। নিহত গৃহবধূ মোসাঃ রুমানা ইয়াসমিন বেগম (৪০) ওই গ্রামের দিনমজুর মোঃ নজরুল ইসলামের স্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *