পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলাসহ দেশের ৯টি উপজেলায় প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করতে ‘স্মার্ট কৃষক কার্ড’ যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে এ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি সহায়তা, ভর্তুকি এবং ন্যায্যমূল্যে বীজ ও সার পাওয়ার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম সিকাদার।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার, বরিশাল অঞ্চলের উদ্যান বিশেষজ্ঞ জি. এম. এম. কবীর খান এবং নেছারাবাদ উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমানসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কৃষি বিভাগের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রকৃত কৃষকদের শনাক্তকরণ, তথ্য যাচাই-বাছাই এবং তালিকাভুক্ত করা হবে। কৃষক কার্ডের মাধ্যমে সরকারি প্রণোদনা ও সহায়তা সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে।
এছাড়া কার্ডধারী কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সংগ্রহ, সহজ শর্তে কৃষিঋণ গ্রহণ এবং কৃষি বীমা সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
এ বিষয়ে অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম সিকাদার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডিজিটাল পদ্ধতিতে মাঠপর্যায়ে কৃষক কার্ড যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকরা বিশেষ অগ্রাধিকার পাবেন।
বর্তমানে নেছারাবাদ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাঠপর্যায়ের কৃষি কর্মীরা কৃষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।
