পিরোজপুর সদর উপজেলায় বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দির, আখড়াবাড়ী প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, পিরোজপুর জেলা আহ্বায়ক শ্রী সুনীল চক্রবর্ত্তী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী প্রকল্প পরিচালক শ্রী বিশ্বজিৎ ব্যানার্জী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী অশোক মুখার্জী, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রী জ্যোতির্ময় চক্রবর্ত্তী (রতন), সদস্য সচিব শ্রী প্রদীপ চক্রবর্ত্তী, সদস্য শ্রী নির্মল চট্টোপাধ্যায়, শ্রী সঞ্জীব চক্রবর্তী এবং বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা শ্রী দীপঙ্কর চক্রবর্তী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জী। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী সজল চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে শ্রী সুনীল চক্রবর্ত্তী বলেন, “বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নবনির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সমাজের উন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব নিতে হবে।”
তিনি আরও বলেন, “সমাজে সম্প্রীতি বজায় রাখা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
সভায় বক্তারা বলেন, সংগঠনের ঐক্য, সামাজিক উন্নয়ন এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা ব্রাহ্মণ সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিরা নতুন কমিটির সাফল্য কামনা করেন।
