নিজস্ব প্রতিবেদক: জলাবাড়ি ইউনিয়নের পূর্বজলাবাড়ি গ্রাম থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী পরিতোষ মিস্ত্রি কলিঙ্গকে (৬৩) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার নেছারাবাদ আর্মি ক্যাম্পের নেতৃত্বে পুলিশ সদস্যদের সহায়তায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন পলাতক থাকা পরিতোষ মিস্ত্রির অবস্থান নিশ্চিত করে যৌথবাহিনী। অভিযানে তাকে আটক করার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারকৃত পরিতোষ মিস্ত্রির কাছে প্রাণঘাতী অস্ত্র থাকার তথ্য ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করাই ছিল তার দীর্ঘদিনের অপকর্ম। পূর্বে ধারালো অস্ত্র দিয়ে এক পুলিশ সদস্যকে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
জিজ্ঞাসাবাদে পরিতোষ মিস্ত্রি ক্যাম্প কমান্ডারের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানা গেছে।
