নেছারাবাদের বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম চলমান রয়েছে। মানবিক উদ্যোগ ও সেবার মানসিকতা নিয়ে আন্তর্জাতিক লায়ন্স ক্লাব অব ঢাকার আয়োজনে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ একদিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়।
সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পে এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আয়োজকরা নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে এই সেবার সুযোগ গ্রহণের জন্য স্থানীয় সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখের বিভিন্ন সমস্যার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করা হচ্ছে। যেসব রোগীর চোখের অপারেশন বা লেন্স প্রতিস্থাপনের প্রয়োজন রয়েছে, তাদের ঢাকার আগারগাঁওস্থ লায়ন্স হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা সেবা দেওয়া হবে।
এ ক্ষেত্রে রোগীদের যাতায়াতসহ অপারেশন ও চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় বহন করবে লায়ন্স ক্লাব, যা এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এক অনন্য মানবিক সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
“ভিশন ফর ভিশন–২৩” শিরোনামে আয়োজিত এই মহতী উদ্যোগে সৌজন্যে রয়েছে আবুল কালাম ও রাজিয়া কালাম ফাউন্ডেশন। স্থানীয় সচেতন মহল এমন সেবামূলক কর্মসূচিকে স্বাগত জানিয়ে সকল শ্রেণি-পেশার মানুষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
মানবতার কল্যাণে এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে নতুন আশার আলো জাগাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
